জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের দায়ে ২ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মো. আশকর আলী ও মো. জাহিদুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ৩১শে মার্চ রাতে নিমাইমারী এলাকায় এক গৃহবধূর ঘরে ঢুকে আপত্তিকর ছবি দেখিয়ে তাকে জিম্মি করে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সোহাগ বাদী হয়ে মামলা করেন। পরে পিবিআই তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলায় ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ আসামিকে সর্বোচ্চ সাজা দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, আদালতের দেয়া জরিমানার অর্থ ভুক্তভোগী পক্ষ ক্ষতিপূরণ হিসেবে পাবেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিল।
