সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় নাজিরিয়া আহমদীয়া ইফতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি তাহমিদুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও নাজিরিয়া আহমদীয়া মাদ্রাসার সহসভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরিয়া আহমদীয়া মাদ্রাসার সভাপতি শরফুদ্দীন আহমেদ, সমাজসেবক আবুল আজাদ, নিজাম উদ্দিন, জাহিদুল কবির এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নোমান উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
