ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কের দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ শেষ না করে উধাও হয়ে গেছে ঠিকাদার। কাজটি ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৪ বছরেও শেষ হয়নি। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ৪০ গ্রামের ১২-১৪ হাজার মানুষ। জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া-পূর্বাসিন্দা সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে ভেঙে যায়। ব্রিজটি পুনঃনির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দরপত্র আহ্বান করে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এস. ই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চার কোম্পানি ২০২১ সালের ২১শে সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪ টাকা চুক্তিমূল্যে ২০২২ সালের ২০শে মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যাদেশ পায়।
ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় জনৈক সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মাণকাজ শেষ না করে কাজ ফেলে উধাও হয়ে যায়। এতে ভোগান্তি পোহাচ্ছে ৪০ গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, ২০২১ সালে ব্রিজের কাজ শুরু হয়। চার বছর পেরিয়ে গেলেও এ ব্রিজের কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে। তিনি ১ বছর আগে কাজ ফেলে রেখে উধাও হয়ে যান। ২০২৫ সালের ৯ই এপ্রিল প্রায় ৪০ গ্রামের ভুক্তভোগীরা দ্রুত ব্রিজটির কাজ সম্পন্ন করার দাবিতে মানববন্ধনও করে।
তাতেও কোনো কাজ হয়নি। ভুক্তভোগীদের দাবি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা মোটা অঙ্কের টাকা খেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
এ সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা চালক উজ্জল, শফিক, ভ্যানচালক তাওহিদুল, রাজ্জাক, মিনি ট্রাকচালক রশিদ, জহির উদ্দিন, ব্যাটারিচালিত অটোরিকশা চালক আসাদুল, সুজন, নওশাদ সহ অনেকেই জানান, খাকুরিয়া ব্রিজটি ৪ বছর ধরে ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।
কোমলমতি শিক্ষার্থী সহ কলেজ, মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীরা সীমাহীন কষ্ট করে কলেজ, মাদ্রাসা, মক্তব ও বিদ্যালয়ে যাতায়াত করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটির নির্মাণ কাজ শেষ করার দাবি জানান তারা। টাঙ্গাইল এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন জানান, ঘাটাইল উপজেলার দেওপাড়া এলাকায় নির্মাণাধীন ৫২ মিটার খাকুরিয়া ব্রিজের বেশির ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শুধু রেলিং ও এ্যাপ্রোচের কাজ বাকি আছে। অতি দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হবে।
