বিএনপি নেতাদের গুম-হত্যা: জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

বিএনপি নেতাদের গুম-হত্যা: জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফন্ট সাইজ:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি নেতাদের গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল(অব.) জিয়াউল আহসান ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) তারেক সাঈদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহম্মদ। তিনি জানান, লক্ষ্মীপুরে দুইজনকে গুম করে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে দায়ের করা মিস কেস নম্বর ১০/২০২৬ এবং কুমিল্লায় তিনজনকে গুম করে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে দায়ের করা মিস কেস নম্বর ৯/২০২৬-এ জিয়াউল আহসান ও তারেক সাঈদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বর্তমানে অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন সাবেক এই দুই সেনা কর্মকর্তা।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগ রয়েছে। এছাড়া একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার অভিযোগ রয়েছে।
এসব ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পৃথক মিস মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। তদন্তে জিয়াউল আহসান ও তারেক সাঈদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এরআগে, গত ৪ঠা আগস্ট এই দুই মামলার অগ্রগতি তুলে ধরে জিয়াউল ও তারেকের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন। পরে আবেদন মঞ্জুর করে আগামী ১০ই আগস্ট হাজিরের নির্দেশ দেন আদালত। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন