স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে নিয়ে কয়েক সপ্তাহ ধরে তুমুল দলবদল জল্পনা চলছে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা- দুই ক্লাবের সঙ্গেই তার যোগাযোগের খবর এসেছে। ভবিষ্যৎ নিয়ে সেই জল্পনার অবসান এখনো না হলেও, ছুটির সময়ের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন রদ্রি। ছবিতে দেখা যায়, রদ্রি তার সঙ্গী লরা ইগলেসিয়াসের সঙ্গে হাঁটছেন। কিন্তু তাদের পাশ দিয়ে অন্য এক নারী হেঁটে যাওয়ার সময় রদ্রিকে তার দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখা যায়। দৃশ্যটি ইন্টারনেটের বহুল পরিচিত ‘ডিস্ট্র্যাক্টেড বয়ফ্রেন্ড’ বা ‘বিভ্রান্ত প্রেমিক’ মিমের সঙ্গে হুবহু মিলে যাওয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
‘ডিস্ট্র্যাক্টেড বয়ফ্রেন্ড’ মিমটির মূল ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার আন্তোনিও গিলেম। ছবিতে দেখা যায়, এক ব্যক্তি তার সঙ্গে থাকা নারীর পাশ দিয়ে হেঁটে যাওয়া লাল পোশাক পরা এক নারীর দিকে ঘুরে তাকাচ্ছেন। তার সঙ্গে থাকা নারীটি বিষয়টি দেখে অসন্তুষ্ট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। ছবিটি পরবর্তীতে ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় মিমে পরিণত হয়। নতুন কোনো আকর্ষণীয় বা প্রলোভনসৃষ্টিকারী বিষয়ের দিকে মনোযোগ দিতে গিয়ে নিজের কাছে থাকা বিষয়কে উপেক্ষা করার পরিস্থিতি বোঝাতে বিশ্বজুড়ে এটি ব্যবহার করা হয়।
ইবিজায় ছুটি কাটানোর সময় রদ্রিকে তার দীর্ঘদিনের সঙ্গী লরা ইগলেসিয়াসের হাত ধরে হাঁটতে দেখা যায়। কিন্তু বাম পাশে বিকিনি পরা এক নারীর দিকে তাকাতে গিয়ে তিনি মাথা ঘুরিয়ে নেন। রদ্রির শারীরিক ভঙ্গি এবং ‘তাকাতে গিয়ে ধরা পড়ে যাওয়া’র দৃশ্যটি ‘ডিস্ট্র্যাক্টেড বয়ফ্রেন্ড’ মিমের সঙ্গে এতটাই মিলে যায় যে ভক্তরা বিষয়টি নিয়ে রসিকতা না করে পারেননি।
স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রদ্রি প্রতিপক্ষের গতিবিধি দ্রুত পর্যবেক্ষণ এবং বিপদের মাত্রা নির্ণয়ের দক্ষতার জন্য পরিচিত। মাঠে প্রতিপক্ষের অবস্থান বুঝে পাস দেয়ার পথ তৈরি করা এবং আক্রমণে সতীর্থদের এগিয়ে দেয়ার ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা রয়েছে।
সমুদ্রসৈকতে রদ্রির এই দৃশ্য দেখে ভক্তরা মজা করে মাঠে প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করার তার দক্ষতার সঙ্গে আশপাশের মানুষকে ‘স্ক্যান’ করার বিষয়টির তুলনা করেছেন। কেউ কেউ রদ্রির এই ঘটনাকে তার সাম্প্রতিক দলবদল জল্পনার সঙ্গেও মিলিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে খবর ছিল, গ্রীষ্মের দলবদলে রদ্রিকে দলে ভেড়ানোর বিষয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার যোগাযোগ চলছে। তবে সাম্প্রতিক সময়ে তিনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে আলোচনা শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে।
ফলে মাঠের বাইরে রদ্রির এই ‘বিভ্রান্ত’ দৃষ্টি যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক হয়েছে, তেমনি ভক্তদের কেউ কেউ এটিকে তার দলবদল পরিস্থিতিরও মজার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।
