চীনে আঘাত হেনেছে ডলফিন, সরানো হয়েছে ১০ লাখের বেশি মানুষ

চীনে আঘাত হেনেছে ডলফিন, সরানো হয়েছে ১০ লাখের বেশি মানুষ

ফন্ট সাইজ:

চলতি বছর চীনে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় ডলফিন রোববার দেশটির পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এতে প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের সৃষ্টি হয়। একই সঙ্গে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। টাইফুনটি এরই মধ্যে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারের ওপর দিয়ে বয়ে গেছে। সেখানে ছয়জন আহত হয়েছেন এবং ৫০ হাজারের বেশি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছে স্থলভাগে আঘাত হানে টাইফুন ডলফিন। স্থলভাগে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রে সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪২ মিটার বা ১৫১ কিলোমিটার। স্যাফির-সিম্পসন স্কেলে এটি ক্যাটাগরি-১ হারিকেনের সমতুল্য। কর্তৃপক্ষ সমুদ্রের বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়, জাহাজগুলোকে বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেয় এবং জলাধার, পাহাড়ি ঝরনা, ভূমিধসপ্রবণ এলাকা, নির্মাণস্থল ও পর্যটনকেন্দ্রে নজরদারি বাড়ায়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন ১০ আগস্ট পর্যন্ত ঝেজিয়াং, সাংহাই, উত্তর ফুজিয়ান, উত্তর-পূর্ব জিয়াংসি, মধ্য ও দক্ষিণ আনহুই এবং জিয়াংসুর বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝেজিয়াংয়ের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। স্থলভাগে আঘাত হানার পর ডলফিন পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের ওপর দিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিকে এ তথ্য জানিয়েছেন ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টারের প্রধান পূর্বাভাসবিদ ওয়াং হাইপিং।

এর ফলে দীর্ঘ সময় ধরে ভারী বৃষ্টি হতে পারে এবং বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকা ও ছোট নদীগুলোর আশপাশে ঝুঁকি বেশি বলে সতর্ক করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলজুড়ে পরিবহণব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। নিজেদের বাড়িঘর থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। সাংহাইয়ে অন্তত ৩০ হাজার ৩০০ মানুষকে সরিয়ে নেয়ার পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট-ট্র্যাকিং তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যারিফ্লাইট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন