স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

স্বাস্থ্য নিয়ে গুঞ্জনের মধ্যে মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

ফন্ট সাইজ:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির স্বাস্থ্য নিয়ে কয়েক মাস ধরে নানা জল্পনা। এর মধ্যে তার একটি ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মেহর। শনিবার নিজেদের ওয়েবসাইটে ১২ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করে সংস্থাটি। সঙ্গে বলা হয়, এটি ‘বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রথমবার প্রকাশিত একটি ভিডিও’। তবে ওই ভিডিও কবে ধারণ করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ভিডিওতে মোজতবাকে সুস্থ অবস্থায় একটি বন্ধ কক্ষে কার্পেটের ওপর বসে থাকতে দেখা যায়। কালো পাগড়ি ও সাদা পোশাকের ওপর হালকা ধূসর আলখাল্লা পরা তিনি। আশপাশে কার্পেটের ওপর বসে থাকা কয়েকজনের সঙ্গে তাকে কথা বলতে দেখা যায়।

ভিডিওটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রতিবেদন অনুযায়ী, ২৮শে ফেব্রুয়ারির মার্কিন-ইসরাইলি হামলায় মোজতবা মুখ ও পায়ে গুরুতর আহত হন বলে দাবি রয়েছে। ওই হামলায় তার পিতা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর আগে ২০শে মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবার প্রায় একই ধরনের একটি ভিডিও প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে বলা হয়, এটি ‘প্রথমবার প্রকাশিত আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়ার ভিডিও’। তবে সেখানেও ভিডিও ধারণের তারিখ বা স্থান উল্লেখ করা হয়নি।

৮ই মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে মোজতবা রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। কিন্তু এ পর্যন্ত তার কোনো ছবি বা কণ্ঠের রেকর্ডিং নিয়মিতভাবে প্রকাশ্যে আসেনি। গত মাসে তার পিতার জানাজার অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চলতি সপ্তাহে বলেছেন, বর্তমানে মোজতবার সঙ্গে যোগাযোগ করা ‘খুব কঠিন’। তিনি বলেন, এই মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ করা খুব কঠিন। তবে যেকোনো পরিস্থিতিতে তার উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত বড় শক্তির উৎস, যাতে আমরা এগিয়ে যেতে পারি।

তবে পেজেশকিয়ান জানান, তিনি মোজতবার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করতে সক্ষম হয়েছেন এবং তার কাছ থেকে ‘সদয় আচরণ ও অত্যন্ত যুক্তিসংগত’ মনোভাব পেয়েছেন। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে, বর্তমান পরিস্থিতি কিছু বিদ্বেষপূর্ণ মানুষকে তাকে ভিন্নভাবে বর্ণনা করার এবং তার সম্পর্কে ভিন্ন একটি চিত্র তুলে ধরার সুযোগ দিচ্ছে।

মোজতবার স্বাস্থ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও নানা দাবি উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত মাসে দাবি করেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ অবস্থায় রয়েছেন। অন্যদিকে ইসরাইলের চ্যানেল ১৪ সম্প্রতি দাবি করেছে, মোজতবার শারীরিক অবস্থা ‘খারাপ’। এসব দাবির বিপরীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশ করা নতুন ভিডিওতে মোজতবাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। তবে ভিডিওটির ধারণের সময় সম্পর্কে কোনো তথ্য না থাকায় এটি তার বর্তমান শারীরিক অবস্থার নির্ভরযোগ্য প্রমাণ কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন