যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে

প্রধানমন্ত্রীর আহ্বান

যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে

ফন্ট সাইজ:

যারা দেশে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদেরকে সচেতন থাকতে হবে।  যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল-কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্র-ছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায়। তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায় ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতো করে চলে যাবে। তারা তো জনগণের সঙ্গে থাকবে না। আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা কি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, নাকি আমরা ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত থাকবো? নাকি আমরা বিভ্রান্তকারীদের সঙ্গে থাকবো? এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে’-  উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিগত সরকারের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা জানি—বিগত স্বৈরাচার আমলে এই দেশের জ্বালানি বা বিদ্যুৎ খাতকে গুটি সংখ্যক ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছিল। তাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। যা এই দেশের মানুষের পক্ষে নয়। খুব স্বাভাবিকভাবেই সেই জ্বালানি ব্যবস্থা বা বিদ্যুৎ ব্যবস্থা যেটি অপরিকল্পিতভাবে, যেই ব্যবস্থা গুটি কয়েক মানুষকে সুবিধা দিয়েছিল, সেটি যদি জনগণের স্বার্থে সেই পরিকল্পনা করতে হয়, স্বাভাবিকভাবে কিছু সময়ের প্রয়োজন। আমরা এরই ভেতরে সেই কাজে হাত দিয়েছি ইনশাআল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আগামী ১০ বছর আমাদের জ্বালানি পরিকল্পনা কী হবে, আগামী ১০ বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎব্যবস্থা কী হবে-  সেই প্রস্তাবনা জাতীয় সংসদে উপস্থাপন করবো। উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ শুরু করবো। যাতে করে স্কুল-কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসাবাড়ি হোক মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। 

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন