যানজটে আটকে পড়ায় আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল জেরার দিন

যানজটে আটকে পড়ায় আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল জেরার দিন

ফন্ট সাইজ:

মারধর, হুমকি ও ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনির সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ আগামী ৩০ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক মোহাম্মদ সাহাদাত হোসেন ভূঁইয়া এ তারিখ ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার পরীমনিকে জেরার জন্য দিন ধার্য ছিল। এ জন্য সকালে তিনি আদালতের উদ্দেশে রওনা হন এবং দুপুর ১২টার দিকে আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল। তবে রাস্তায় যানজটে আটকে পড়ায় তিনি সময়মতো আদালতে পৌঁছাতে পারেননি। আইনজীবী বলেন, আমরা সময় চেয়ে একাধিকবার আদালতে উল্লেখ করি। শেষ পর্যন্ত পরীমনি যানজটে আটকে পড়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত আগামী ৩০ নভেম্বর জেরার জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

এর আগে ২০২৫ সালের ২৬ মে মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন পরীমনি। তবে ওইদিন অসুস্থ হয়ে পড়ায় তার জেরা করা সম্ভব হয়নি। ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই বছরের ২৯ নভেম্বর পরীমনির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার আসামিরা হলেন নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির উদ্দিন, অমি ও শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই উত্তরার একটি বাসা থেকে নাসির উদ্দিনসহ পাঁচজনকে আটক করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন