শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পোশাকশ্রমকি দম্পতির মৃত্যু

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পোশাকশ্রমকি দম্পতির মৃত্যু হয়েছে। ওই দম্পতির মরদেহের বিভিন্ন অংশ হাত, মাথা, পায়ের জুতা, চুল রেলপথের প্রায় ৫০০ মিটার জুড়ে ছড়িয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর পাশের আউটার সিগন্যালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আল-আমিন (২৮) ও তার স্ত্রী রিনা আক্তার (২৫)। তারা শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে আলাদা পোশাক কারখানায় চাকরি করতেন। তাৎক্ষণিক আল-আমিনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তিনি বৈরাগীরচালা এলাকার হ্যামস গার্মেন্টসে অপারেটর হিসেবে চাকরি করতেন।
রিনা আক্তার উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ী গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। সে ওই ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেল ফ্যাশন পোশাক কারখানায় অপারেটর হিসেবে চাকরি করতেন।

নিহত রিনা আক্তারের বোন বলেন, ‘রিনা আক্তারের দ্বিতীয় স্বামী আল-আমিন। প্রথম স্বামীর ঘর থেকে এক মেয়েকে নিয়ে আল-আমিনের সঙ্গে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকে তারা বৈরাগীরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে আলাদা পোশাক কারখানায় চাকরি করতো। আল-আমিন অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো এবং রিনা প্রায়ই চাকরি ছেড়ে তার মেয়েকে নিয়ে বাবার বাড়ি বরমী চলে যেতো।’

তবে আজকে তাদের মধ্যে কী হয়েছে এবং তারা কেন আত্নহত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঘটনাস্থলে এলাকার বাসিন্দা লিপি আক্তার ও রত্না আক্তার জানান, বিকেল তিনটার দিকে তারা দু’জন রেলপথ দিয়ে হাঁটাহাটি করছিল। মাঝে মাঝে রেললাইনে বসে গল্প করতেও দেখা গেছে তাদের। সন্ধ্যার দিকে আমরা মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই দুইজন ছেলে-মেয়ে যারা রেল লাইনে বসে গল্প এবং হাঁটাহাটি করছিল তারাই কাটা পড়ে মারা গেছে। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, ‘ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিলে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। তাদের শরীরের বিভিন্ন অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।’

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন