ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার ওপর জোর দিয়েছেন। চলমান যুদ্ধ অবস্থার অবসান লক্ষ্যে তিনি বলেন, চুক্তি করার জন্য এটিই সবচেয়ে উপযুক্ত সময়। তিনি দেশকে না যুদ্ধ না শান্তি এই পরিস্থিতি থেকে সরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ইরানি গণমাধ্যমকে পেজেশকিয়ান জানান, দেশের ভেতর এখন সংহতি, শক্তি ও ঐক্য বিরাজমান রয়েছে। তার মতে, এই যুদ্ধে ইরান বিজয়ী এবং শক্তিশালী হিসেবে বিবেচিত হচ্ছে।
বর্তমান পরিস্থিতি চুক্তি করার জন্য সবচেয়ে ভালো সময় বলে তিনি মনে করেন। পেজেশকিয়ান আরও বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন রোধে ইরান ও ওয়াশিংটনের একটি যোগাযোগ মাধ্যম থাকা উচিত ছিল। যেকোনো সমঝোতা স্মারকে কিছু লঙ্ঘন ঘটতেই পারে উল্লেখ করে তিনি বলেন, নীতিগতভাবে ঝগড়া না করে সে সময় লঙ্ঘনগুলো সমাধানের জন্য একটি দল গঠন করা উচিত ছিল। তিনি যোগ করেন, এখন আমাদের দেখতে হবে কীভাবে বিষয়টি সমাধান করা যায়, যদি কোনো সমাধান সম্ভব হয়। ওমানের সাথে চলমান আলোচনায় এই বিষয়টি নিয়েও কাজ চলছে। আল্লাহর ইচ্ছায় আমরা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারব, যেখান থেকে এই না-যুদ্ধ না-শান্তি অবস্থা থেকে বেরিয়ে আসতে পারব।
