হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আচরণ সংশোধনের তাগিদ দিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তেহরান জানায়, যুক্তরাষ্ট্রকে অবশ্যই তাদের অবস্থান পরিবর্তন করতে হবে। এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সামনে ছয়টি শর্ত তুলে ধরেছেন কাউন্সিলের সচিব মোহাম্মাদ বাঘের জোলকাদর।
এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। প্রদত্ত শর্তগুলো হলো:
১. ইরান ও দেশটির পবিত্র মূল্যবোধের বিরুদ্ধে সমস্ত হুমকি বন্ধ করা।
২. ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ স্থায়ীভাবে বন্ধ করা।
৩. ইরানের বিরুদ্ধে নৌঅবরোধে জড়িত মার্কিন নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার করা।
৪. সাম্প্রতিক সংঘাতের ফলে সৃষ্ট ক্ষতির জন্য ইরানকে ক্ষতিপূরণ দেয়া।
৫. ইরানের ওপর আরোপ করা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়া।
৬. ইরানের ফ্রিজ করা সমস্ত সম্পদ অবমুক্ত করা।
জোলকাদর জানান, যুদ্ধ কিংবা আলোচনা, কোনো অবস্থাতেই সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এসব দাবি থেকে পিছপা হবে না। এই সকল শর্ত পূরণ হলেই কেবল হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।
