বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি শীত মৌসুমেই এই প্রস্তাবিত শিল্পপার্কের প্রাথমিক কাজ ও উন্নয়ন পরিক্রমা শুরু করার পরিকল্পনা রয়েছে। শনিবার বগুড়ার পাঁচতারকা হোটেল মম-ইনে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্যের কথা জানান বাণিজ্য, শিল্প ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ হাব হিসেবে গড়ে তোলা হবে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য বগুড়া আগামী দিনে একটি মূলকেন্দ্র হয়ে ওঠবে।
এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও জানান, বগুড়ার বিদ্যমান বিসিক শিল্পনগরী ইতিমধ্যে পুরোপুরি পূর্ণ হয়ে গেছে। অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের মাঝে নতুন শিল্প স্থাপনের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। এই চাহিদার কথা বিবেচনা করেই প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক প্রতিষ্ঠার পরিকল্পনা নেয়া হয়েছে। শীতের মৌসুমে এর কাজ দ্রুততার সঙ্গে শুরু করার সর্বাত্মক চেষ্টা করা হবে। এর আগে বাণিজ্য, শিল্প ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রস্তাবিত শিল্পপার্কের নির্ধারিত স্থানটি সরজমিন পরিদর্শন করেন।
ব্যবসায়িক খরচ প্রসঙ্গে মন্ত্রী বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে শিল্প ও ব্যবসা সফলভাবে পরিচালনা করা কঠিন। উৎপাদন খরচ কমিয়ে পণ্যকে প্রতিযোগিতামূলক করতে একদিকে যেমন উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে হবে, অন্যদিকে অর্থায়নের খরচ কমিয়ে আনতে হবে। শিল্প উদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করা, গ্যাস সংযোগ সহজ করা এবং কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে সরকার উদ্যোগ নিচ্ছে। তিনি নিশ্চিত করেন, প্রস্তাবিত এই শিল্পপার্কে শুধু অবকাঠামো তৈরি করেই দায়িত্ব শেষ করা হবে না। সেখানে কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও টেকনিক্যাল সহায়তার ব্যবস্থা থাকবে, যেন নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে টেকসই হয়। একইসঙ্গে উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এস এম আতিকুর রহমান বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মোহিত তালুকদার, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের পরিচয় আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়। পাশাপাশি তাদের অর্পিত দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং ব্যবসায়ী সমাজের সেবার মান ও পরিধি বাড়ানোর নানা বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
