সিলেটে সাংবাদিকের বাসায় চুরি, ৪ দিনেও মালামাল উদ্ধার হয়নি

ফন্ট সাইজ:

সিলেট নগরীর কোতোয়ালি মডেল থানাধীন সিটি করপোরেশনের কলাপাড়া ডহর এলাকার সমাজ কল্যাণ-৪৫ নম্বর বাসার দ্বিতীয় তলায় চুরির ৪ দিন পার হলেও অপরাধীদের শনাক্ত করতে বা খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছে। গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সকাল সাড়ে ৭টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. দুলাল হোসেন দৈনিক সিলেট বাণী পত্রিকার সিনিয়র ফটোসাংবাদিক হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় তিনি অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন দুলাল হোসেন। সকালে তার স্ত্রী শাহিদা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান বাসার জানালার গ্রিলের একটি অংশ খোলা। ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে তারা দেখতে পান, পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরা নাইকন ডি-৬০ সহ ক্যামেরার ব্যাগ, দু’টি স্মার্ট ফোন ও নগদ সাড়ে ১০ হাজার টাকাসহ লাখ টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরপরই পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তবে চুরির চারদিন অতিবাহিত হলেও খোয়া যাওয়া মালামাল উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ভুক্তভোগী সাংবাদিক দুলাল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে থানায় অভিযোগ দাখিল করেছি। কিন্তু ৪ দিন পার হয়ে গেলেও কোনো অগ্রগতি দৃশ্যমান নয়। দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে মালামাল উদ্ধার এবং নগরবাসীর নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন