শ্যামনগরে খাল আছে, নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা

ফন্ট সাইজ:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকুলীয় রমজাননগরে ঝুরঝুরি খাল থাকলেও নেই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা। যার ফলে হাজার হাজার বিঘা ফসল ও সবজির জমি পানিতে তলিয়ে আছে। অপরদিকে খালটির কিছু অংশ জবর-দখল করে মৎস্য ঘের পরিচালনা করছে একটি চক্র।

সরজমিন দেখা যায়, রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজার, ভেটখালী, তারানীপুর ও মানিকখালী বিলের পানি ঝুরঝুরি খালে যায়। কিন্তু খাল দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। খালের শেষ সীমানায় মেইন রাস্তা ও অজিত বাছার ও সরজিৎ বাছারের বসতভিটা থাকায় পানি জমে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে ধানের জমি, বসতভিটা, পুুকুর, গাছগাছালি, রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। অপরদিকে খালের কিছু অংশ তারানীপুর গ্রামের মো. শমসের, মো. মজিদ কারিগর, সোরা গ্রামের মো. আশরাফ আলী মোল্যাসহ বেশ কয়েকজন জবর-দখল করে রেখেছে। বিল ও খালের পাশে মুন্ডা সম্প্রদায় বসবাস। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তারা খুবই কষ্টে জীবনযাপন করছে।

স্থানীয় সাইফুল ইসলাম বলেন, ঝুরঝুরি খাল জবর-দখল ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছর আমরা বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত হই। এ বছর ধানের বীজ বপন করতে পারছি না, তার ওপর বসতভিটারও ক্ষতি হচ্ছে। এভাবে চললে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। প্রিয়তোষ মুন্ডা বলেন, প্রতি বছর বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না।
ধান ও সবজি চাষের জমি পানিতে তলিয়ে যায়। কাঁচা ঘরবাড়িসহ বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়। আমাদের জীবনযাপনে বিঘ্নের সৃষ্টি হওয়ার পাশাপাশি শিশুদের জীবনের নীরাপত্তা নিয়ে সবসময় ঝুঁকিতে থাকি। কিছু ব্যক্তি খালটি জবর-দখল করে মৎস্য ঘের করছে। ঝুরঝুরি খালের পানি মানিকখালী খালে যাওয়ার সীমানায় পাঁকা রাস্তা এবং বসতভিটা থাকায় পানি নিষ্কাশন হয় না। এ বিষয়ে ঝুরঝুরি খাল জবর-দখলকারী শমসের জানান, সরকার খাল খনন করলে আমাদের কোনো আপত্তি নেই। আমরাও চাই ঝুরঝুরি খাল দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক।

এ বিষয়ে রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন বলেন, ইতিপূর্বে ঝুরঝুরি খালটি আংশিক ইউনিয়ন পরিষদের উদ্যোগে খনন করা হয়। খালের সীমানায় চলাচলের মেইন রাস্তা ও বসতভিটা থাকায় মানিকখালী খালের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালটির বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন