মাদক-জুয়ার সঙ্গে কোনো আপস নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মাদক-জুয়ার সঙ্গে কোনো আপস নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ফন্ট সাইজ:

মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি বলেছেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শনিবার বিকালে আটপাড়া উপজেলার তেলিগাতী বি.এন.এস.কে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, সন্ত্রাস, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়। মাদক নির্মূলে সর্বাত্মক যুদ্ধ চলবে। মাদক, জুয়া ও অনিয়ম-দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, মাদক যেভাবে সমাজে ছড়িয়ে পড়ছে, তা এখনই প্রতিরোধ করা না গেলে তরুণ সমাজকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আগামী প্রজন্মকে রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সভায় সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানূর রহমান। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এবং আটপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মাসুম চৌধুরী। এ সময় জেলা বিএনপি নেতা আজিজুল হক চন্দন, আটপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন