ময়মনসিংহের হালুয়াঘাটে করিম শেখ ওরফে ফালান নামে সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার দুইদিন পর গতকাল মধ্যরাতে গাজীপুরের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করে হালুয়াঘাট থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ও হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম। পুলিশ জানায়, করিম শেখ ওরফে ফালান ভালুকা থানায় চুরির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়। এর আগে গত বৃহস্পতিবার হালুয়াঘাট থানা থেকে পুলিশ হেফাজতে আদালতে পাঠানোর সময় নাগলা এলাকা থেকে কৌশলে পালিয়ে যায়। আটক করিম হালুয়াঘাট উপজেলার নাশুল্যা চরপাড়া এলাকার সবজুল শেখের ছেলে। এ বিষয়ে পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে।
