প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি

প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি

ফন্ট সাইজ:

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ না করলে রংপুরে হরতাল-অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার রংপুর মহানগর নাগরিক কমিটি প্রি-পেইড মিটার স্থাপন বন্ধে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। সংগঠনের সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য এবিএম মসিউর রহমান, মাহফুজার রহমান, বীথি দাস নন্দিনী, আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সবুজ রায়, অনিন্দ আউয়ালসহ অন্যরা।

এ সময় বক্তারা বলেন, নেসকো কর্তৃপক্ষ সরকারি প্রজ্ঞাপন ও গ্রাহকদের মতামত ছাড়াই সচল পোস্ট-পেইড মিটার সরিয়ে আওয়ামী সরকারের লুটপাটের প্রি-পেইড মিটার স্থাপন করে যাচ্ছে। তারা আরও বলেন, প্রি-পেইড মিটারের কারণে বর্তমানে সাধারণ গ্রাহকদের নাভিশ্বাস উঠে গেছে। পূর্বের তুলনায় দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না।

প্রি-পেইড মিটার একদিকে ডিজিটাল কারচুপি করছে অন্যদিকে প্রতিনিয়ত হয়রানি ও দুর্ভোগ সৃষ্টি করছে। নেসকো কর্তৃপক্ষ জনগণের মতামতের তোয়াক্কা করছে না। সরকার সম্পূর্ণ নির্বিকার ভূমিকা পালন করছে। একটি সেবামূলক প্রতিষ্ঠান স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। বিদ্যুৎ বিভাগের চুরি-দুর্নীতি ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকদের কাঁধে চাপিয়ে রীতিমতো জুলুম করছে। এ পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন