পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারের জালে ধরা পড়েছে একঝাঁক ইলিশ। যা নিলামে বিক্রি হয়েছে প্রায় ৪৮ লাখ ৫০ হাজার টাকায়, দীর্ঘদিন পর এই ইলিশ ধরা পড়ায় জেলেপাড়ায় বইছে আনন্দের বন্যা। জানা যায়, গত ৬ই আগস্ট পায়রা সমুদ্রবন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সাগরে এফবি জুনাইদ নামের একটি মাছ ধরা ট্রলারে আলমগীর মাঝির জালে বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে।
শুক্রবার দুপুরে ট্রলারটি মাছ নিয়ে কুয়াকাটা মহিপুর মৎস্য বন্দরে পৌঁছালে মনোয়ারা ফিশ আড়তে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি করা হয়। সূত্রে জানা গেছে, এক কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ- প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা (প্রতি কেজি ২,৮৭৫ টাকা) দরে বিক্রি হয়ে ২৭ লাখ ৬০ হাজার টাকা পাওয়া যায়। এ ছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ- প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে (প্রতি কেজি ২ হাজার ৩৭৫ টাকা) বিক্রি হয়েছে ২০ লাখ ৯০ হাজার টাকা পাওয়া যায়।
সবমিলিয়ে ৪৬ মণ ইলিশ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়। ট্রলারের মাঝি আলমগীর বলেন, একবার জাল ফেলতেই প্রায় ২ হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। দীর্ঘদিনের লোকসানের পর এমন মাছ পেয়ে আমরা খুবই খুশি। মেসার্স মনোয়ারা ফিশের ম্যানেজার ছগির আকন বলেন, দীর্ঘদিন পর এত বড় চালানের ইলিশ এসেছে। বর্তমানে বাজারে ইলিশের দাম অনেক বেশি থাকায় জেলেরা ভালো মূল্য পেয়েছেন। কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কিছুদিন আগেও সাগরে ইলিশের খরা ছিল। বর্তমানে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।
