সিরাজগঞ্জে দলীয় পদ হারালেন বিএনপি নেতা আজাদ

সিরাজগঞ্জে দলীয় পদ হারালেন বিএনপি নেতা আজাদ

ফন্ট সাইজ:

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে দলের সকল পদ থেকে স্থগিতাদেশ দিয়েছে জেলা বিএনপি। শনিবার দুপুরে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা একটি পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও উল্লাপাড়া থানা চত্বরে এক বিএনপি নেতাকে মারধরে জড়িত থাকা এবং চাঁদাবাজি মামলার কারণে আপনাকে (আজাদ) গত ২৬শে জুলাই শোকজ করা হয়েছিল।

আপনার ওই জবাব সন্তোষজনক না হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দলীয় পদে স্থগিতাদেশ প্রদান করা হলো। তানভীর মাহমুদ পলাশ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এর আগে ২৫শে জুলাই রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের ওপর হামলা ও মারধরের অভিযোগে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি মামলা হয়।

একইদিনে মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আরও একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২৬শে জুলাই রাতে আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে প্রেরণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরের দিন তারা আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন