দেশের দ্বিতীয় রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে আলী আকবর খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার মৃত আহম্মদ আলী খানের বড় ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটককে নিয়ে একটি হাউজবোট টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা দেয়।
শুক্রবার বিকালে হাউজবোটটি ওয়াচ টাওয়ার এলাকায় নোঙর করলে পর্যটকরা গোসল করতে পানিতে নেমে সবাই বোটে উঠলেও আকবর পানিতে ডুবে যান। একপর্যায়ে সঙ্গে থাকা অন্য পর্যটকরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ওসি মো. ফারুক আহম্মাদ জানান, পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
