দ্রুত বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নাদিম হত্যা

দ্রুত বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ফন্ট সাইজ:

দৈনিক মানবজমিন, বাংলা নিউজ ও একাত্তর টিভি’র সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় জড়িত সব আসামিকে দ্রুত চার্জশিটে অন্তর্ভুক্ত করে ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জামালপুর প্রেস ক্লাব। শনিবার দুপুরে প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে নিহতের স্ত্রী মনিরা বেগম বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, তিন বছর পেরিয়ে গেলেও হত্যা মামলার কোনো কূল-কিনারা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, মামলার শুরু থেকেই পুলিশ টালবাহানা করছে। আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের অবসরপ্রাপ্ত এআইজি মুখলেছুর রহমান পান্না এবং এএসপি রেদুয়ান রনির সঙ্গে আসামিদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে তারা তদন্ত প্রভাবিত করেছেন।

মনিরা বলেন, প্রথমে সিআইডি মামলাটি তদন্ত করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে টেনে-হিঁচড়ে গলির ভেতরে নিয়ে মারধর করা হয়। কিন্তু সিআইডি’র তদন্ত সিসিটিভি ফুটেজ পর্যন্ত সীমাবদ্ধ রেখে প্রকৃত খুনিদের বাদ দিয়ে আদালতে চার্জশিট দেয় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে র‌্যাব তদন্ত করে। তার অভিযোগ, র‌্যাবের তদন্তেও সিসিটিভি ফুটেজে শনাক্ত আসামি গোলাম কিবরিয়া সুমনসহ দু’জনকে বাদ দেয়া হয় এবং মামলার ধারাও কমিয়ে দেয়া হয়। সর্বশেষ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একই ধরনের তদন্ত প্রতিবেদন দিয়ে আদালতে চার্জশিট দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, পুলিশ দিয়ে তদন্ত করে আমরা সঠিক বিচার পাবো না।

বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত করে তাদের ফাঁসি দিতে হবে। মামলার প্রত্যক্ষদর্শী ও দৈনিক নয়া দিগন্তের বকশীগঞ্জ প্রতিনিধি মোজাহিদ বাবু বলেন, প্রত্যেক তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তাই তার সাক্ষ্য নিয়েছেন। কিন্তু চার্জশিটে তার সাক্ষ্যের সঠিক বিবরণ আসেনি। মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, তিন বছরে মামলার তদন্ত শেষ হলেও প্রকৃত হত্যাকারীদের বিচারের আওতায় আনা হয়নি। তারা বিভাগীয় তদন্তের দাবি জানান। জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নাদিমের স্ত্রী, তার বাবা হাজী মো. আব্দুল করিম, সাংবাদিক বজলুর রহমান, সাজ্জাদ আনসারী, কাফি পারভেজ, শওকত জামান, জুলফিকার জাহিদ হাবিব, মোজাহিদ বাবু, জাকারিয়া জাহাঙ্গীর, জিএম ফাতিউল হাফিজ বাবুসহ সাংবাদিক নেতারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন