পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শুধু চিলমারী নয়, গোটা এলাকার ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রকল্পগুলো বাস্তবায়ন করে এলাকার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে রমনা নদী বন্দর ঘাটে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই। নদীতে বাঁধ দিলে কে বিএনপি, জামায়াত, এনসিপি করে নদীভাঙন তা দেখবে না সবাই উপকৃত হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করেছে। এ ছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজীবপুর উপজেলার
কোদালকাটি নদীভাঙন এলাকা দিনব্যাপী পরিদর্শন করেন। পরে তিনি গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত
আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপি’র আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃদ।
