সিলেটের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার এ তদন্ত কমিটি গঠন করে সিলেটের জেলা প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে গঠিত পাঁচ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন- হাইওয়ে পুলিশ সুপার সিলেট রিজিওনের ১ জন প্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের একজন প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, এতে কারও ব্যক্তিগত বা পেশাগত কোনো দায়-দায়িত্ব আছে কি না- তা উদ্ঘাটন করা এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কিত সুপারিশ সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দপ্তরে জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার সকালে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোট ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ থেকে ৩০ জন। ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে গেছেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিআরটিএ’র মাধ্যমে সরকার যারা মারা গেছেন, যারা পঙ্গু হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সরকারি সহায়তা দেয়া হবে। মন্ত্রী ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঘটে যাওয়া এই সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
