নেছারাবাদে পাঁচটি পাহারাদার কুকুরকে অচেতন করে এক কৃষকের গর্ভবতী গরু চুরির অভিযোগ উঠেছে। চুরির তিনদিন পরও কুকুরগুলো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার দৈহারী ইউনিয়নের থালিয়া গ্রামে কৃষক হরিদাস হালদারের বাড়িতে বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। হরিদাস হালদার জানান, স্থানীয় কয়েকটি কুকুর নিয়মিত তার গোয়ালঘরের পাশে রাতে অবস্থান করতো। তিনি কুকুরগুলোকে নিয়মিত খাবার দিতেন।
একপর্যায়ে কুকুরগুলো তার গরু ও বাড়ি পাহারাদার হয়ে ওঠে। ঘটনার রাতে দুর্বৃত্তরা ওই পাঁচটি কুকুরকে অচেতন করে গোয়ালঘর থেকে গরু নিয়ে যায় বলে ধারণা করছেন তিনি। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে গোয়ালঘরের পাশে গিয়ে হরিদাস হালদার দেখতে পান, গরুটি নেই। গরুটির গলায় তালা লাগানো ছিল। পরে গোয়ালঘরের পাশে পাঁচটি কুকুরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হরিদাস হালদার বলেন, গরু চুরির তিনদিন হয়ে গেলেও কুকুরগুলো এখনো স্বাভাবিক জ্ঞান ফেরেনি।
তারা কিছু খাচ্ছে না, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। কুকুরগুলোকে অচেতন করেই গরুটি নিয়ে গেছে বলে আমাদের ধারণা। তিনি আরও জানান, গরু চুরির বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানানো হয়েছে। পাটিকেলবাড়ী করফা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হবে। পাশাপাশি ইন্দুরহাট ও চাঁদকাঠির দিকে যাওয়ার সড়কগুলোর তথ্যও খতিয়ে দেখা হচ্ছে।
