সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। গত শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল।
এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১২ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
