শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

শরণখোলায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলায় উত্তর আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সকালে শহীদ মিনার সংলগ্ন প্রেস ক্লাব এলাকায় প্রতিবাদ ও শাস্তির দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক আব্দুস সাত্তারকে লাঞ্ছিত করায় অভিযুক্ত আলমগীর তালুকদার একই এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন মুক্তা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জুয়েল মীর ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেন। বক্তারা অবিলম্বে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেয়া হয়। এ ব্যাপারে লাঞ্ছিত শিক্ষক সাত্তার জানায়, গত ৬ই আগস্ট বিকালে স্কুল ছুটির পর রায়েন্দা বাজারে যাওয়ার সময় আমড়াগাছিয়া সাতঘর মসজিদ এলাকায় পৌঁছালে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী আলমগীর সঙ্গে ৪/৫ জন নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে আহত করে। এ ঘটনায় তিনি শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। শরণখোলা থানার ওসি রোকেয়া খানম বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন