নরসিংদীর রায়পুরায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর দিকনিদের্শনায় সারা দেশের পাশাপাশি রায়পুরার ২৪টি ইউনিয়নে একটি করে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। পাশাপাশি রায়পুরা উপজেলায় একটি নান্দনিক স্পোর্টস ভিলেজও গড়ে তোলা হবে। গতকাল বিকালে নরসিংদীর রায়পুরার খাকচক এলাকায় শহীদ জিয়া স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র উপদেষ্টামণ্ডলীর সদস্য হযরত আলী ভূঁইয়া।
এমপি বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহিত করছেন। সরকার এ উদ্যোগ গ্রহণ করায় সারা দেশের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তিনি আরও বলেন, নরসিংদীর রায়পুরার যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সবল জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে হবে। পরে খাকচক প্রিমিয়ার লীগ ক্রিকেট ফাইনাল খেলায় মোবারক হোসেনের সভাপতিত্বে আসাদুজ্জামান আসাদ ও নুরুজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ এবং প্রধান অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন, জেলা বিএনপি’র সদস্য কাজী আশাদুর রহমান মিলন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আহমেদ চৌধুরী মানিক, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মইনুল সরকার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফিরোজ আল মুজাহিদসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।
