উখিয়ার রেল স্টেশনের সড়ক-ফুটপাথ দখল, যানজট

উখিয়ার রেল স্টেশনের সড়ক-ফুটপাথ দখল, যানজট

ফন্ট সাইজ:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া অংশে সড়ক ও ফুটপাথ দখল করে অস্থায়ী দোকান, মাইক্রোবাস, সিএনজি ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড গড়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা। বিশেষ করে কুতুপালং, উখিয়া সদর, কোটবাজার ও মরিচ্যা স্টেশনে সড়কের ওপর দোকানপাট ও যানবাহনের অবস্থানের কারণে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজট। উখিয়া সদর স্টেশনে দ্রুতগতির যানবাহন থেকে পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য নির্মিত ফুটপাথও এখন দখলে। কোথাও দোকানের মালামাল, আবার কোথাও মাইক্রোবাস ও সিএনজি রাখা হচ্ছে। ফলে ফুটপাথটি অনেকটা অস্থায়ী টার্মিনালে পরিণত হয়েছে।

বাধ্য হয়ে পথচারী ও শিক্ষার্থীদের ব্যস্ত মহাসড়কের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। একই চিত্র দেখা গেছে কুতুপালং, কোটবাজার ও মরিচ্যা স্টেশনেও। এসব এলাকায় সড়কের ওপর অস্থায়ী দোকান বসানো, যাত্রী ওঠানামা এবং যত্রতত্র যানবাহন দাঁড় করিয়ে রাখায় মহাসড়কের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। ফলে দিনের বিভিন্ন সময়ে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে কুতুপালং, কোটবাজার ও মরিচ্যা স্টেশনে সড়কের ওপর দোকান ও গাড়ির অবস্থানকে যানজটের অন্যতম কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, সড়ক ও ফুটপাথ দখল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। এতে পথচারীদের পাশাপাশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

সম্প্রতি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এক সপ্তাহের সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরানো না হলে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার কথাও জানান তিনি। তবে দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনো উচ্ছেদ অভিযান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের প্রশ্ন, প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেয়ার পরও কেন সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করা হচ্ছে না। স্থানীয়দের দাবি, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া অংশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সড়ক ও ফুটপাথ দখলমুক্ত করে অবৈধ দোকানপাট এবং যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করতে হবে। পাশাপাশি যানবাহনের জন্য নির্ধারিত স্ট্যান্ডের ব্যবস্থা করে কুতুপালং, উখিয়া সদর, কোটবাজার ও মরিচ্যা স্টেশনকে যানজটমুক্ত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন