কক্সবাজারের উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওয়াশরুমের স্টিলের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে রোলকলে রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও সাড়া পাওয়া যায়নি। শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের সদস্যরা তাকে শনাক্ত করেন। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে। নিহত রুবেল ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ফলে মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
