বিশ্বনাথে বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না বাউলশিল্পী পেহেলি ভৈরবী

ফন্ট সাইজ:

সিলেটের বিশ্বনাথে বাউল গানের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাউলশিল্পী পেহেলি ভৈরবী (১৯)। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় পেহেলি ভৈরবীসহ মোট ৯ জন নিহত হয়েছেন। নিহত পেহেলি ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের গ্রামের কালু মিয়ার মেয়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার রামপাশা বৈরাগীবাজার এলাকার ছাবাল শাহ মাজারে আয়োজিত বাউল গানের অনুষ্ঠানে অংশ নিতে সিলেটে এসেছিলেন পেহেলি ভৈরবী। অনুষ্ঠান শেষে শুক্রবার সকালে তিনি ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-২৫৬৩) একটি বাসে করে কিশোরগঞ্জের চণ্ডীবের গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। বাসটি সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার (ঢাকা মেট্রো-ব ১২-৫৯৮৭) কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পেহেলি ভৈরবীসহ ৯ জনের প্রাণহানি ঘটে।

নিহত অন্যরা হলেন- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বারি মিয়ার ছেলে আবুল হোসেন (৪৬), কুমিল্লার লাকসাম উপজেলার রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন রাহিম (১৯), ঢাকা জেলার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের মেয়ে জাইফা ইসলাম (৩) এবং সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২)।

এ ছাড়া নিহত বাকি ৩ জনের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)।
ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তাজপুর স্টেশনের স্টেশন কর্মকর্তা অপু মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং আহতদের হাসপাতালে পাঠান। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোস্তফা বলেন, দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। মরদেহ এবং দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করে শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন