সেপ্টেম্বরে ফিফা উইন্ডো এবং সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রবাসী ফুটবলার যোগ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে দু’জনকে খেলানোর ব্যাপারটি অনেকটাই চূড়ান্ত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী উইঙ্গার ফারহান আলী এবং ফরোয়ার্ড জায়ান হাকিমের ফিফা ও এএফসি থেকে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় আছে বাফুফে। হয়তো কিছুদিনের মধ্যে এ দুই প্রবাসী ফুটবলারের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আরও তিন ফুটবলারের মধ্যে দু’জন ইংল্যান্ডের এবং একজন জাপানের বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে কোচ তাদের ট্রায়ালে ডাকেন কিনা, সেটার অপেক্ষায় আছে ফেডারেশন। যে কারণে তিন জনের নাম এখনই প্রকাশ করতে চাইছেন না বাফুফের এই কর্মকর্তা।
বৃটেন প্রবাসী হামজা চৌধুরীর আগমনে পাল্টে গেছে দেশের ফুটবল। মাঠে দর্শক ফিরেছে। রেজাল্ট পেতে শুরু করেছে জাতীয় দল। বাংলাদেশি বশোদ্ভূত শমিত সোম, ফাহিমদুল ইসলাম, জায়ান আহমেদরা তো এখন লাল-সবুজের অন্যতম তারকা। তাদের দেখানো পথে এরই মধ্যে বয়সভিত্তিক দলে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যোগ দিয়েছেন। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরও পাঁচ প্রবাসী ফুটবলার দেখা যেতে পারে বাংলাদেশ দলে। এ বিষয়ে ফাহাদ করিম বলেন. ‘সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডে পাঁচ প্রবাসীর মধ্যে কোচ কয়জনকে নেবেন, সেটা তার এখতিয়ার। তবে আমি বলতে পারি, এই পাঁচজন বাফুফের ক্যাম্পে থাকবেন।’ ইউরোপ-আমেরিকার ফুটবলার নিয়ে গত বছর ঢাকায় প্রবাসী ফুটবলারদের ট্রায়াল আয়োজন করেছিল বাফুফে। এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন প্রায় ৫০ জন প্রবাসী। ট্রায়াল থেকে খুব বেশি ফুটবলার খুঁজে পায়নি বাফুফে। তাই এবার ভিন্ন পথে হাঁটতে যাচ্ছে তারা। ঢাকায় না করে ইউরোপের কোনো দেশে ট্রায়ালের আয়োজন করতে চান জানিয়ে ফাহাদ করিম বলেন, ‘আগামী গ্রীষ্মে আমার ইচ্ছা আছে ইউরোপের কোনো দেশে ট্রায়াল করা। সভাপতির সঙ্গে আলাপ করবো। এরই মধ্যে কোচের সঙ্গে এটা নিয়ে কথা বলেছি, তিনি খুবই আগ্রহী।’ প্রবাসীরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে কারণে ইউরোপে ট্রায়াল করার চিন্তা জানিয়ে বাফুফের এ সহসভাপতি বলেন, ‘আমাদের বেশির ভাগ আবেদন আসছে ইউরোপ থেকে।
বাংলাদেশে ট্রায়াল দেয়ার জন্য আমরা তো তাদের কোনো অর্থ দেবো না। কে টিকে, না টিকে, তা তো আমরা বলতে পারবো না। আমরা দেখেছি অনেকেই নিজ খরচে আসতে চায় না বা পারে না। অনেকে আবার নিজ খরচে আসে; কিন্তু টেকে না। তখন আমাদের বদনাম করে যে দূর থেকে এলাম নিলো না। তাই ইউরোপের লন্ডন বা যেসব জায়গা থেকে বেশি প্রবাসী আসবে, ওই জায়গায় করবো যেন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।’ সাফ চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বর উইন্ডো কাজে লাগাতে চায় বাফুফে। দুটো বিষয় নিয়ে চিন্তা করছে ফেডারেশন। কিরগিজস্তানে গিয়ে তিন জাতি টুর্নামেন্ট খেলবে অথবা ঢাকায় চার জাতি প্রতিযোগিতার আয়োজন করবে। কোচ থমাস ডুলির চাওয়া ঢাকায় ম্যাচ খেলা। চার জাতি টুর্নামেন্টের জন্য স্বাগতিক বাংলাদেশ ছাড়াও কিরগিজস্তান ও মঙ্গোলিয়া চূড়ান্ত হয়েছে। বাকি একটি দেশ চূড়ান্ত করার চেষ্টা করছে বাফুফে। চার দেশ নিয়ে ঢাকায় টুর্নামেন্ট করার পরিকল্পনা অনেক এগিয়েছে। বাফুফের একটি সূত্র জানায়, ‘সাফের আগে কোচ দেশের বাইরে খেলতে আগ্রহী না। টুর্নামেন্ট যেখানে হবে কোচ সেখানেই খেলতে চাইছেন। তাই আমরা সেপ্টম্বরের ফিফা উইন্ডোতে চারজাতি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি।’
