অস্ট্রেলিয়ায় আঙ্গুলের চোটে তাইজুল কন্ডিশন উপভোগ করছেন হাসান

অস্ট্রেলিয়ায় আঙ্গুলের চোটে তাইজুল কন্ডিশন উপভোগ করছেন হাসান

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙ্গুলে চোট পান তাইজুল ইসলাম। গতকাল এ বাঁহাতি স্পিনারকে ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। তাইজুলের বদলি হিসেবে সুযোগ পান মুশফিক হাসান। তবে আলো ছড়াতে পারেনি ডানহাতি এ পেসার। মুশফিকের অনুজ্জ্বল দিনে বাংলাদেশও বিপদে। দ্বিতীয় দিন শেষে ৭৩ রানে পিছিয়ে টাইগাররা। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ রানে দুই উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। টাইগারদের স্পিন আক্রমণে সবচেয়ে নির্ভরযোগ্য নাম তাইজুল ইসলাম। ৬০ টেস্টে ২৭০ উইকেট নিয়ে সাদা পোশাকে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। টেস্ট ক্যারিয়ারে ১৯ বার পাঁচ উইকেটে নিয়েছেন এ বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে স্পিন ভেলকি দেখিয়ে আরেকটি ফাইফার পেলে নতুন কীর্তি গড়বেন তাইজুল। তবে ডারউইনের মারারা ওভালে নামার আগে চোটের কবলে পড়েছেন তিনি।

তাইজুলের চোট প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তাইজুল ইসলামের গতকালকে (বৃহস্পতিবার) ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিঙ্গারে ব্যথা লেগেছে। তারপর থেকে আমরা একটু ব্যান্ডেজ করে রেখেছি, জায়গাটা সুরক্ষিত রাখা হয়েছে। আজকে (শুক্রবার) পুরো বিশ্রামে রাখা হয়েছে। আগামীকাল (শনিবার) আবার পর্যবেক্ষণ করবো।’ তাইজুলের অনুপস্থিতিতে বোলিং আক্রমণে সুযোগ হয় পেসার মুশফিক হাসানের। তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। ৪ ওভারে ৩৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মুশফিক হাসানকে বোলিংয়ে আনার প্রক্রিয়া নিয়ে টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘ওই (তাইজুলের) জায়গায় আজকে ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সঙ্গে কথা বলে মৌলিক সুযোগ হিসেবে আমরা মুশফিককে রেখেছি। ওরা রাজিও হয়েছে, যার কারণে আজকে সে বোলিং করতে পেরেছে।’ গতকাল ২ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ বাংলাদেশের ২৬৩ রান ছাড়িয়ে প্রথম ইনিংস শেষ করে ৩৫৫ রানে। এর মধ্যে সেঞ্চুরি করেন টিগ ওয়াইলি। ১৭৭ বলে ১৩০ রান করেন তিনি। ফিফটি পান জেক ডোরান ও কুর্টিস পিটারসন। বোলিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল হাসান মাহমুদ। ১৯ ওভারে পাঁচ মেডেনসহ ৪২ রানে ৪ উইকেট নেন ডানহাতি এ পেসার। তাসকিন আহমেদ ১৫ ওভারে বল ঘুরিয়ে ৫৬ রানে নেন ২ উইকেট। স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও নেন ২ উইকেট। খালেদ আহমেদ ও ইবাদত হোসেন একটি করে উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। খালেদ ১২.২ ওভারে ওভারপ্রতি ৪.৪১ আর ইবাদত ১৩ ওভারে ৫.০৮ গড়ে রান দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫ ওভারেই দুই উইকেট হারিয়ে ফেলে তারা। ক্যাম্পবেল থম্পসনের বলে ক্যাচ তুলে ৬ রানে ফেরেন সাদমান ইসলাম। পরের ওভারে বোল্ড হন মুমিনুল হকও (৬)। দিন শেষে ১৩ বলে ৭ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান। ২ উইকেটে ১৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ এখন পিছিয়ে ৭৩ রানে। দিনের খেলা শেষে নিজের বোলিং মানসিকতা প্রসঙ্গে কথা বলেন টাইগার পেসার হাসান মাহমুদ। বিসিবির প্রকাশিত ভিডিওতে হাসান বলেন, ‘আমার মনে হয় আমরা খুবই ভালো শুরু করেছি। বোলাররা খুবই ভালো লাইন এবং লেন্থ মেইনটেইন করে বল করেছে। এখানে কন্ডিশন খুবই ভালো বাউন্স এবং সুইং আছে। আমরা সবাই ভালো বল করার চেষ্টা করেছি। আমি লন্ডনের কন্ডিশন এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনকে বলবো প্রায় একই কন্ডিশন। আমি দুই জায়গাতে বল করে অনেক উপভোগ করেছি। চেষ্টা করি যে, লাইন ধরে রেখে যেন সুইং ধরে দ্রুত উইকেট যেন নিতে পারি সেই মানসিকতা নিয়েই বল করি। চেষ্টা করে গেছি সেটা মেইনটেইন করার।’ ডারউইনে ১৩ই আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। এরপর ম্যাকেই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২শে আগস্ট থেকে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন