বিশ্বকাপ জয়ের পর স্পেনের নামের পাশে যোগ হয়েছে আরও একটি বিশ্বরেকর্ড। তবে এবার তা ফুটবলের নয়, ক্রিকেটের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার রেকর্ডটি এখন ইউরোপের দলটির দখলে। ১৯শে জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে স্পেন। একই দিনে আন্তর্জাতিক ফুটবলে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও নিজেদের করে নেয় তারা। ২০২৪ সালের ২২ মার্চ কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারের পর থেকে আর কোনো ম্যাচে হারেনি স্পেন।
টানা ৩৮ ম্যাচে অপরাজিত থেকে ইতালির রেকর্ড ভেঙেছে তারা। ফুটবলের সেই সাফল্যের বাইরেও ক্রিকেটে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে স্পেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার রেকর্ডটি গত বছরের ৫ই ডিসেম্বর নিজেদের করে নেয় তারা। কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়ে তারা। তাতে নাইজেরিয়া, জাপান ও উগান্ডার ১৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড পেছনে পড়ে যায়। এরপরও থামেনি স্পেনের জয়যাত্রা। রেকর্ড গড়ার পর আরও চার ম্যাচে জয় পেয়েছে তারা। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা অপরাজিত থাকার সংখ্যা এখন দাঁড়িয়েছে ২২ ম্যাচে।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে অপরাজিত থাকার রেকর্ডটি অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ভারতের দখলে। তিন দলই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে। ভারত এই কীর্তি অর্জন করেছে দুবার। সব সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি অস্ট্রেলিয়ার দখলে। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে টানা ২৫ টেস্টে অপরাজিত ছিল তারা। সেই রেকর্ড ছুঁতে স্পেনের প্রয়োজন আরও চার ম্যাচে অপরাজিত থাকা। অস্ট্রেলিয়াই একবার এই রেকর্ডের কাছাকাছি পৌঁছেছিল। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত ছিল রিকি পন্টিংয়ের দল।
