দক্ষিণ কোরিয়ার সঙ্গে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) সফলভাবে স্বাক্ষর হওয়ায় সরকারকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হক এক বিবৃতিতে এ চুক্তিকে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন।
মো. ফজলুল হক বলেন, সেপা কার্যকর হলে বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ পণ্য (৮ হাজার ৪২৮টি) দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে।
এতে তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, জুতা, ওষুধ ও কৃষিপণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। এলডিসি-পরবর্তী সময়ে রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতেও এ চুক্তি সহায়ক হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতাও আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এফবিসিসিআই প্রশাসক বলেন, দক্ষিণ কোরিয়া প্রতি বছর বিশ্ববাজার থেকে প্রায় ১২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে। এর মাত্র ৩ শতাংশ বাংলাদেশ থেকে যায়। নতুন এ চুক্তির ফলে কোরিয়ার বাজারে বাংলাদেশের অংশীদারত্ব উল্লেখযোগ্যভাবে বাড়ার সুযোগ তৈরি হবে।
