ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়ানোর আশা পূরণ হয়নি আর্সেনালের। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে সব জল্পনার অবসান ঘটান ব্রাজিলিয়ান তারকা। বিকল্পের খোঁজে উঠে লেগে পড়েছে গানাররা। লেফট উইংয়ের শূন্যতা পূরণে মিকেল আর্তেতার হাতে আছে সম্ভাব্য তিন বিকল্প।
বৃটিশ গণমাধ্যম, দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্সেনাল ভিনিসিয়ুসের সঙ্গে ব্যক্তিগত শর্তে প্রায় সমঝোতায় পৌঁছেও চুক্তি করতে পারেনি। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান শেষ পর্যন্ত মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর গুঞ্জন ওঠে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা ব্র্যাডলি বারকোলাকে নিয়ে। যাকে লিভারপুলও দলে ভেড়াতে চায়। তবে বারকোলার ক্লাব পিএসজি এ মৌসুমে তাকে না ছাড়ার কথা জানিয়ে দিয়েছে লিভারপুল ও আর্সেনালকে। এর আগে বারকোলাকে ছাড়তে পিএসজি ১৩ কোটি পাউন্ড ট্রান্সফার ফি নির্ধারণ করেছিল।
আক্রমণভাগ শক্তিশালী করতে অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকেও ভাবনায় রেখেছে আর্সেনাল। আর্তেতা নিজেও আলভারেজের বড় ভক্ত। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভারেজকে কেনার ব্যাপারে সবুজ সংকেতও পেয়েছে আর্সেনাল। তবে বার্সেলোনাও আলভারেজকে দলে নিতে আগ্রহী। আলভারেজ নিজেও কাতালান ক্লাবটিতে যেতে চান। ফলে শেষ পর্যন্ত তিনি স্পেনেই থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। তৃতীয় বিকল্প হিসেবে বিবেচনায় আছেন এভারটনের সেনেগালিজ উইঙ্গার ইলিমান এনদিয়ায়ে। এই গ্রীষ্মেই সৌদি প্রো লীগে যাওয়ার গুঞ্জন উঠেছিল তার নামে। ২৬ বছর বয়সী এনদিয়ায়ে গত মৌসুমে এভারটনের হয়ে ৬ গোল করেছেন।
এবারের বিশ্বকাপে ইরাকের বিপক্ষে গোলও পেয়েছেন। জানা গেছে, আর্সেনালের কর্তারা তাকে বেশ পছন্দ করেন এবং ইতিমধ্যে তার ব্যাপারে অনুসন্ধানও করেছে ক্লাবটি। উইঙ্গার সংকট মেটাতে গিয়ে একাধিক ধাক্কা খেয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার মরগান রজার্সকে দলে টানার চেষ্টা ব্যর্থ হয়। ১১ কোটি ১৭ লাখ পাউন্ড খরচ করে তাকে কিনে নেয় চেলসি। এদিকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেও দলে ভেড়াতে পারেনি আর্সেনাল। তিনি যোগ দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। যার চুক্তিমূল্য হতে পারে সর্বোচ্চ ১২ কোটি পাউন্ড পর্যন্ত। তবে আর্সেনালের নজর এবার অ্যাথলেটিক বিলবাওয়ের স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসের দিকে।
সাত কোটি সাত লাখ পাউন্ড মূল্যে ভিনির সম্ভাব্য বিকল্প হতে পারেন তিনি। গ্রীষ্মের শুরুতেই লেয়ানড্রো ত্রোসার্দ তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দেওয়ায় তার জায়গা পূরণে ক্লাব ব্রুজ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্তোস টজোলিসকে ৩ কোটি ৪০ লাখ পাউন্ডে দলে ভেড়ায় আর্সেনাল। সবশেষ দুটি প্রীতি ম্যাচে শুরুর একাদশেও ছিলেন তিনি। এছাড়া নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে আনার প্রক্রিয়াও প্রায় চূড়ান্ত। হতে পারে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের চুক্তি। এদিকে দলবদলের বাজারে আরেকটি বড় খবর, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি ম্যানচেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন। তাকে দলে ভেড়ানোর দৌড়ে কাড়াকাড়ি করছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
