ভারতে হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিতে আঘাত করেছে

ভারতে হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতিতে আঘাত করেছে

ফন্ট সাইজ:

বিএনপি’র যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস, হাতের পুতুল। গতকালের ঘটনায় তা আবারো প্রমাণিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির দিনে গণ-অভ্যুত্থানে গণহত্যাকারী ক্ষমতাচ্যুত পলাতক শেখ হাসিনাকে ভারতে সংবাদ সম্মেলন করতে দিয়ে বাংলাদেশের মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করা হয়েছে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনকারী এবং জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ বাংলাদেশ কোনো আধিপত্যবাদ বা পরাধীনতার কাছে মাথা নত করবে না। বাংলাদেশকে আর কখনো তাঁবেদারি রাষ্ট্র বানানো যাবে না।

বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আর কোনো সুযোগ নেই। গতকাল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নতুন পথ উন্মোচিত হয়েছে। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

কোনো দেশি-বিদেশি ষড়যন্ত্রের কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না। সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় প্রিন্স তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মফিজ উদ্দিন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফরহাদ রাব্বানী সুমন, আবদুল কুদ্দুস, জুলাইযোদ্ধা তোজাম্মেল হক সোহাগ, আবু রায়হান, আজিজুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মণ্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মানিকসহ অনেকে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন