মধ্যপ্রাচ্যে ভারতীয়দের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান রাহুল গান্ধীর

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জোটের সঙ্গে ইরানের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে
কংগ্রেস নেতা রাহুল গান্ধী শনিবার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই উদ্বেগজনক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিটি ভারতীয় নাগরিকের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত বলে জানিয়েছেন। লোকসভার বিরোধী দলনেতা ভারত সরকারের প্রতি আবেদনে তাদের জনগণের সুরক্ষার জন্য অবিলম্বে এবং সক্রিয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, শনিবার ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারত সরকারকে প্রশ্ন করেছেন, তেহরানে তাদের পরিকল্পিত হামলার কথা কি ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নরেন্দ্র মোদিকে আগে থেকেই জানিয়েছিলেন? যদি তিনি জানিয়ে থাকেন, তাহলে প্রধানমন্ত্রীর অবিলম্বে তার সফর শেষ করে দেশে ফিরে আসা উচিত ছিল। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর উচিত দেশকে জানানো যে নেতানিয়াহু তাকে জানিয়েছিলেন ইসরাইল ইরানে আক্রমণ করতে যাচ্ছে। আর যদি ইসরাইল আমাদের না জানিয়ে থাকে যে তারা আমেরিকার সহযোগিতায় ইরানে আক্রমণ করছে, তাহলে ইসরাইল আমাদের সাথে প্রতারণা করেছে।

এদিকে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রক ইসরাইলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য শনিবার একটি জরুরি এডভাইসরি জারি করেছে। তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ভারতীয়দের নির্ধারিত নিরাপদ অঞ্চলের কাছাকাছি থাকা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছে।

তেহরানের ভারতীয় ছাত্ররা ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারত সরকার ও পররাষ্ট্র মন্ত্রকের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। শনিবার সকালে ইরানে মার্কিন-সমর্থিত ইসরাইলি হামলার পর, কয়েক সপ্তাহ ধরে সংঘাতের দ্বারপ্রান্তে থাকা মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা আরও বাড়িয়ে তোলার পর তেহরানের এক ভারতীয় ছাত্রের সরকার এবং পররাষ্ট্র মন্ত্রকের কাছে সাহায্যের আবেদনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন