হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদে যাত্রা নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বেশ কয়েকদিন থেকে আশা দেখাচ্ছেন যে, শিগগিরই হরমুজ প্রণালি খুলবে। সেই সঙ্গে মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী জানান, হরমুজ খুলতে এক-দুই দিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হবে।
তবে হরমুজ নিয়ে ট্রাম্প প্রশাসন আশা দেখালেও ভিন্ন দাবি করছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়াগুলো। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বুধবার (৫ আগস্ট) জানিয়েছে, হরমুজ নিয়ে ওমান ও ইরানের মধ্যে যেকোনো চুক্তির অর্থ এই নয় প্রণালিটি শিগগিরই খুলবে।
অজ্ঞাত সূত্রের বরাতে আইআরআইবি বলেছে, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে থাকে তাহলে হরমুজ খুলবে না এমনকি ইরান ও ওমানের মধ্যে চুক্তি হলেও না।
এর আগে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শিগগিরই হরমুজ প্রণালি খুলতে যাচ্ছে নাহলে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে।
এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা এবং ফরেন পলিসি কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি দেশটির রাষ্ট্রীয় মিডিয়ায় বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর পূর্বের অবস্থায় ফিরছে না।
বুধবার মেহের নিউজ এজেন্সিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্র্র চাপ ও হুমকির মাধ্যমে যে দক্ষিণ করিডোর চাপিয়ে দিতে চেয়েছে, তা আমরা মেনে নেব না।
