মোদির ভিডিও সরানো নিয়ে ক্ষমা চাইতে বা ব্যবস্থা নিতে জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও মুছে ফেলা নিয়ে মেটার সিইও জাকারবার্গকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ভারত। এই সময়ের মধ্যে ক্ষমা চাইতে হবে বা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ভারতের সংসদীয় কমিটি প্রধানমন্ত্রী মোদির ভিডিও মুছে বা সরিয়ে ফেলার ঘটনাকে "গণতন্ত্রের ওপর আঘাত" হিসেবে অভিহিত করেছে।
কমিটি সতর্ক করেছে যে, তিন দিনের মধ্যে নির্দেশ পালন না করা হলে ভারত সরকার ফেসবুকের 'সেফ হারবার' সুরক্ষা বা আইনি রক্ষাকবচ প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।

সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটি মেটার সিইও মার্ক জাকারবার্গকে নির্দেশ দিয়েছে, তিনি ২৩ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনায় ক্ষমা চাইতে এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন এই কমিটি প্রধানমন্ত্রী মোদির ভিডিও মুছে ফেলার ঘটনাকে "গণতন্ত্রের ওপর আঘাত" বলে আখ্যায়িত করেছে। এর ফলে প্ল্যাটফর্মটির কর্মকর্তাদের সরাসরি ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে
উল্লেখ্য, ফেসবুকের 'সেফ হারবার' সুরক্ষা প্রত্যাহার করা হলে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করার পথ প্রশস্ত হবে।
এই বিতর্কের সূত্রপাত ২৩ জুলাই প্রধানমন্ত্রী মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে। ভিডিওটি প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল এবং পরে ফেসবুকে শেয়ার করা হয়েছিল।
সেলফি-ধাঁচের ওই ভিডিওটি ছিল  প্রধানমন্ত্রী মোদির প্রথম সরাসরি বার্তা। এতে 'তেলাপোকা জনতা পার্টি' (সিজেপি) র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি পুনরায় ফিরিয়ে আনার আগে মেটা সাময়িকভাবে ফেসবুক সংস্করণটির ওপর বিধিনিষেধ আরোপ করেছিল।
এর আগে কমিটি ঘটনাটি নিয়ে মেটার কর্মকর্তাদের তলব ও জিজ্ঞাসাবাদ করেছিল। কোম্পানিটি ক্ষমা চেয়ে ভিডিওটি সরিয়ে ফেলার কারণ হিসেবে "কারিগরি ত্রুটি"-র কথা উল্লেখ করলেও, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে "যৌক্তিক নয়" বলে প্রত্যাখ্যান করেছে। মন্ত্রণালয় জানায়, যদি ঘটনাটি সত্যিই কোনো কারিগরি ত্রুটির কারণে ঘটে থাকে, তবে একটি প্রযুক্তি কোম্পানি হিসেবে মেটা-র উচিত তাদের সিস্টেম আরও শক্তিশালী করা, যাতে ভবিষ্যতে এ ধরনের ত্রুটি রোধ করা যায়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন