পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন সম্প্রসারণ এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীর পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি শুরু হয়েছে। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পৌর এলাকার নয়টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা ও উন্মুক্ত স্থানে পর্যায়ক্রমে চারা রোপণ করা হচ্ছে। ব্যতিক্রমী এ উদ্যোগ স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে।
পৌরসভার নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত এ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন পুঠিয়া পৌরসভার প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস সুমিত। পৌর প্রশাসক শিবু দাস সুমিত বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। সেই কর্মসূচির অংশ হিসেবে পুঠিয়া পৌরসভাও সবুজায়নের লক্ষ্যে কাজ করছে। গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও গভীরভাবে জড়িত। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের উদ্যোগ সময়ের দাবি। যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে কয়েক বছরের মধ্যেই পুঠিয়া পৌর এলাকা আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম হয়ে উঠবে বলে তাদের প্রত্যাশা।
