ইরানের রাজধানী তেহরানের কাছে শামসাবাদ শিল্প পার্কে মঙ্গলবার (৪ আগস্ট) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। তেহরানের আঞ্চলিক জরুরি পরিষেবার একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।
মুখপাত্র শেরবিন তাবরিজি বলেছেন, আহত চারজনকে চিকিৎসা দেয়ার জন্য মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। বিস্ফোরণে ঘটনাস্থলের কাছে জরুরি পরিষেবার একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই সময়ে সেখানে কোনো কর্মী ছিলেন না।
ওই শিল্প পার্কের বোর্ডের সদস্য দাভৌদ বলেছেন, পার্কের অ্যালুমিনিয়াম উৎপাদন এলাকার একটি কারখানার অভ্যন্তরীণ ট্যাঙ্কে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণে ওই স্থাপনার বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ে।
তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর এবং রে কাউন্টির বিশেষ গভর্নর বিজান সোলাইমানপুর বিস্ফোরণের কারণ নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা-কল্পনা নাকচ করে দিয়েছেন।
কিছু গুজবের বিপরীতে তিনি বলেন, ঘটনাটি কোনো প্রক্ষেপণ বস্তুর আঘাত বা বাহ্যিক কারণের সঙ্গে সম্পর্কিত ছিল না। ওই কর্মকর্তার মতে, একটি উৎপাদন ইউনিটে শিল্প সামগ্রী রাখা একটি ট্যাঙ্কে বিস্ফোরণটি ঘটেছে।
