এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও: গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে ভুয়া,বিকৃত ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সৈয়দ তানভীর নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তানভীর মৌলভীবাজার পৌরসভার বেরীরপাড় এলাকার বাসিন্দা। তার পূর্বে বাড়ি ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করেন।  তিনি নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। বেরিরপাড় এলাকায় তার ব্যবসায়ি ফার্ম রয়েছে বলে জানিয়েছে। তার স্ত্রী একটি ইসলামি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছেন। সোমবার রাত প্রায় সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায় এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। এ ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫/৩০ জন আসামি করা হয়েছে। আসামিরা বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট, শেয়ার ও প্রচার করে। বাদী অভিযোগে বলেন প্রযুক্তির মাধ্যমে এমপি নাসের রহমানের মাথার ছবি সম্পাদনা করে অন্য একজন ব্যক্তির শরীরের সঙ্গে যুক্ত করে ওই ভিডিও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ গ্রহণের পর মামলাটির তদন্তভার দেয়া হয়েছে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্তের অংশ হিসেবে সোমবার শ্রীমঙ্গল থেকে সৈয়দ তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি সুদীপ্ত। তিনি জানিয়েছেন ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন