রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে একটি গুদামে ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, সোমবার গভীর রাতে হামলাটি হয়েছে। তবে মস্কোর গভর্নর হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। খবর বিবিসির।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন বারংবার ওয়াইল্ডবেরিজ পরিচালিত গুদামগুলোতে হামলা চালিয়ে আসছে। প্রতিষ্ঠানটিকে প্রায়ই ‘রাশিয়ার অ্যামাজন’ বলা হয়।
ইউক্রেনের দাবি, এসব গুদাম রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহে ব্যবহৃত হয়। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাতের হামলায় সেন্ট পিটার্সবার্গ ও ত্বের অঞ্চলেও ওয়াইল্ডবেরিজের গুদাম লক্ষ্যবস্তু হয়েছে।
গভর্নর ভোরোবিয়ভ জানান, মস্কো থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণে চেখভ জেলার নোভোসেলকি এলাকার একটি শিল্প স্থাপনায় হামলা হয়েছে। এতে একটি গুদামে আগুন ধরে যায়। এছাড়া একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি জানান, আহত ১০ জনের মধ্যে ৭ জনের অবস্থা মাঝারি, আর একজনের অবস্থা গুরুতর।
য় গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার গুদামটি ওয়াইল্ডবেরিজের সঙ্গে সংশ্লিষ্ট। রাশিয়ার ইয়ানডেক্স সার্চ ইঞ্জিনেও এটি ওয়াইল্ডবেরিজের একটি স্থাপনা হিসেবে তালিকাভুক্ত ছিল। ওয়াইল্ডবেরিজ এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও সেন্ট পিটার্সবার্গে তাদের একটি স্থাপনায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, রাশিয়াও রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে। এতে অন্তত ৪ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মিকোলাইভে রুশ হামলায় ৮৯ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুই ও ১২ বছর বয়সী দুই শিশুকন্যাও রয়েছে।
এছাড়া সুমি অঞ্চলের একটি আবাসিক এলাকায় হামলায় এক নারী এবং পাঁচ ও ১০ বছর বয়সী দুই শিশুকন্যা নিহত হয়েছে। ওই হামলায় আরও ৪ জন আহত হয়েছেন। এ ছাড়া বিলহোরোদ-দনিস্ত্রোভস্কি শহরে রুশ হামলায় দুইজন আহত হন এবং দিনিপ্রো শহরে একটি খাদ্যগুদামে আগুন ধরে যায়।
