নারী এশিয়া কাপের ভেন্যু নিয়ে কাটেনি ধোঁয়াশা

নারী এশিয়া কাপের ভেন্যু নিয়ে কাটেনি ধোঁয়াশা

ফন্ট সাইজ:

নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণ আগামী মাসেই মাঠে গড়ানোর কথা। তবে টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ও ভেন্যুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষার কারণে সূচি, তারিখ ও ভেন্যুর ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দায়িত্বে আছেন এসিসির প্রধান হিসেবে।

আগামী ২৮ শে আগস্ট থেকে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত আমিরাতে হতে যাচ্ছে আট দলের এই টুর্নামেন্ট। অংশগ্রহণকারী দলগুলো হলোÑবাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। এসিসি এখনো আনুষ্ঠানিক সূচি না দিলেও অংশগ্রহণকারী সব দেশকে এই সময়সীমা মাথায় রেখেই প্রস্তুতি নিতে বলা হয়েছে। গত ২২শে জুলাই আট দলের কাছে পাঠানো এক ইমেইলে টুর্নামেন্টের লোগো শেয়ার করে জানানো হয়, ভেন্যু তখনো চূড়ান্ত করার প্রক্রিয়ায় ছিল। তবে দলগুলোকে ২৭শে আগস্টের মধ্যে আমিরাতে পৌঁছানোর এবং ১৩ই সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হওয়ার আশা করছে এসিসি।

ভ্রমণ ও অন্যান্য লজিস্টিকস চূড়ান্ত করতে অংশগ্রহণকারী দেশগুলো এখন তাকিয়ে আছে বোর্ডের চূড়ান্ত সূচি ঘোষণার দিকে। সূচি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তাড়াহুড়ো করে ভুল করে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। গত রোববার নারী এশিয়া কাপের দল ঘোষণা করার পরে তা প্রত্যাহার করে নেয় তারা। কারণ তখনো টুর্নামেন্টের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এসিসির পক্ষ থেকে। শুধু এশিয়া কাপ নয়, সামনে আরও একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে দলগুলোর জন্য। জাপানের নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্ট শুরু হবে ১৭ই সেপ্টেম্বর, চলবে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়া কাপের ফাইনাল যদি সূচি অনুযায়ী ১৩ই সেপ্টেম্বরই হয়, তাহলে ফাইনালে ওঠা দুই দলের হাতে জাপানে পৌঁছে পরের টুর্নামেন্টের প্রস্তুতি নেয়ার জন্য থাকবে মাত্র চার দিন।

যেসব দলের একাধিক ক্রিকেটার দুটি টুর্নামেন্টেই খেলবেন, তাদের জন্য এই সংক্ষিপ্ত বিরতি লজিস্টিক ও খেলোয়াড় ব্যবস্থাপনায় বাড়তি চ্যালেঞ্জ তৈরি কবে। সবশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সংস্করণে নারী এশিয়া কাপ হয়। যেখানে ভারতকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশও। সব মিলিয়ে এবার নিয়ে ষষ্ঠবারের মতো টি-টোয়েন্টি সংস্করণে হতে যাচ্ছে নারী এশিয়া কাপ। এখন পর্যন্ত মোট নয়বার অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, আর একবার করে শিরোপা গেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ঘরে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন