২৩ বছর পর অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার চ্যালেঞ্জে নামছে বাংলাদেশ। অজিদের কঠিন ও বাউন্সি উইকেটে টাইগারদের মূল পরীক্ষা দিতে হবে ব্যাটিং বিভাগে। আজ মিরপুরে বিসিবির অনূর্ধ্ব-১৯ দলের কোচ ও জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার বর্তমান দলের সম্ভাবনা ও কন্ডিশন নিয়ে কথা বলেন।
প্যাট কামিন্স ও মিচেল স্টার্কদের গতি সামলানো কঠিন হলেও আগের চেয়ে বাংলাদেশ দল এখন অনেক তৈরি। টেস্টে সফল হওয়ার মূল মন্ত্র হিসেবে কৌশল ও ধৈর্যের বার্তা দিয়ে সরকার বলেন, “৫ দিন পর্যন্ত খেলা টানার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ‘ডে-বাই-ডে’ পরিকল্পনা করা। উইকেট কেমন আচরণ করছে তা দেখে প্রতিদিনের সেশন অনুযায়ী পরিকল্পনা করা উচিত। বিশ্বের সেরা বোলাররা ব্যাটসম্যানকে ড্রাইভ খেলার লোভ দেখায়। তবে ব্যাটসম্যানদের বুঝতে হবে কোন জোন দিয়ে তারা রান তুলবে। আগ্রাসী খেলা বা দিনে ৩০০+ রান তোলার ক্রিকেট এখন প্রচলিত হলেও স্কোরিং শটের চয়ন সতর্কতার সঙ্গে করতে হবে। ১ বা ২টি নিরাপদ শট বেছে নিয়ে রান সচল রাখতে পারলে উইকেট বাঁচিয়ে বড় সংগ্রহ গড়া সম্ভব।”
২৩ বছর আগে শেষবার যখন লাল-সবুজের প্রতিনিধিরা ক্যাঙ্গারুর ডেরায় সিরিজ খেলেছিল, তখন ২টি টেস্টেই সফরকারীরা হেরে যায়। তবে কেয়ার্নসে অনন্য নজির গড়েছিলেন হান্নান সরকার। অজিদের পেস সহায়ক কঠিন উইকেটে জোড়া ৫০ রানের স্মরনীয় ইনিংস খেলেছিলেন তখনকার তরুণ এই ওপেনার।
সেই স্মৃতির পাতা উল্টে তিনি জানান, গ্লেন ম্যাকগ্রা, জেসন গিলেস্পি ও ব্রেট লিদের মতো মারকুটে বোলারদের বিপক্ষে টিকে থাকা সহজ ছিল না। অজি বোলারদের বাউন্সার ও অফ স্টাম্পের বাইরের প্রলোভন সামলে রান তোলাই ছিল তার সফলতার চাবিকাঠি।
বর্তমান ব্যাটারদের জন্য তার স্পষ্ট বার্তা, প্রাথমিক ওভারগুলোতে ড্রাইভ শটের বাড়তি ঝুঁকি না নিয়ে ছেড়ে খেলার দক্ষতা বাড়াতে হবে। জাতীয় ক্রিকেট লীগ এবং বিসিএলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগানোর তাগিদ দেন বিসিবির এই এ তরুণ কোচ। দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য মুশফিকুর রহীম তরুণদের সঠিক পথ দেখাবেন বলে আশা প্রকাশ করেন সাবেক এই তারকা।
বিশেষ করে তানজিদ হাসান তামিম ও অমিত হাসানের মতো উদীয়মান ক্রিকেটাররা যদি কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন, তবে বড় তারকা হওয়ার সুযোগ রয়েছে। তানজিদের আক্রমণাত্মক শট খেলার গুণ টেস্ট ক্রিকেটেও বেশ দরকারি। তবে উইকেটের মেজাজ বুঝে ঠিক কোন সময়ে শট খেলতে হবে, সেই সিদ্ধান্ত নেয়ার দক্ষতা বাড়াতে হবে। অজি বোলারদের লাইন ও লেংথ এলোমেলো করে প্রলোভন সামলাতে পারলে ডারউইন ও কেয়ার্নসের মতো মাঠে বড় রান করা মোটেও অসম্ভব কিছু নয়।
