জাতীয় দলকে আগেই বিদায় বলে দিয়েছেন। ক্লাব ফুটবলেও কি একই পথে হাঁটছেন নেইমার? সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখে দিলেন ব্রাজিলিয়ান তারকা। সোমবার সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়রের এক নিলাম অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সঙ্গে ছিলেন স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, দুই মেয়ে মেল ও মাভি, বড় ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোস। অনুষ্ঠান শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে খোলাসা করে কিছু বলতে চাননি তিনি।
সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে। এরপর কী হবে, সেই সিদ্ধান্ত এখনই নিতে নারাজ তিনি। নেইমার বলেন, ‘আমি জানি না আর কতোদিন খেলবো। অবসরের কথা এখনো ভাবিনি।’ চুক্তি পূর্ণ করাই আপাতত তার একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। চুক্তি শেষে ক্লাবে থাকা, অন্য কোথাও যাওয়া কিংবা বুট তুলে রাখা, সব সম্ভাবনাই খোলা রেখেছেন নেইমার। শারীরিক ফিটনেস নিয়ে সুখবর দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি ভালো অনুভব করছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ মঙ্গলবার কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে সান্তোসের।
প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প নেই দলটির সামনে। নেইমার জানিয়েছেন, একাদশে সুযোগ পেলে দলকে জেতাতে তিনি প্রস্তুত। নেইমার বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়।’ জাতীয় দল প্রসঙ্গে অবশ্য নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন নেইমার। গত ২৯শে জুলাই কোপা সুদামেরিকানার এক ম্যাচ শেষে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা বলেছিলেন, তার জাতীয় দল অধ্যায় শেষ হয়ে গেছে। তবে এই মন্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখতে নারাজ তার বাবা নেইমার সিনিয়র। ছেলের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, চার বছর পর পরিস্থিতি কেমন থাকবে তা কারও জানা নেই। বিশ্বকাপে আর খেলার ইচ্ছা নেই নেইমারের। কিন্তু ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আপাতত থামছে না। উত্তর মিলবে ডিসেম্বরে। তখনই সান্তোসের সঙ্গে চুক্তি শেষ হবে নেইমারের।
