মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারি, ৩ বাংলাদেশি নিহত

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের তামান লিঙ্গি এলাকায় একই বাসায় বসবাসকারী সহকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। খবর নিউ স্ট্রেইট টাইমসের।
এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে। মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিও বাংলাদেশি নাগরিক।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটে নাগাদ স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে সংঘর্ষের খবর পায় পুলিশ।

তিনি বলেন, খবর পেয়ে লিঙ্গি পুলিশ স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করে। পরবর্তী প্রাথমিক তদন্তে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করে।
পুলিশপ্রধান জানান, নিহত তিন বাংলাদেশির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ও আহত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় একসঙ্গে বসবাস করতেন।
আলজাফনি আহমদ বলেন, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার ধারাবাহিকতা জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আগে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানাতে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। দেশটির পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে ঘটনাটির তদন্ত চলছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন