এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারত সরকার মেটার গ্লোবাল পাবলিক পলিসি প্রধান জোয়েল কাপলানকে তলব করেছে। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বুধবার (০৫ আগস্ট) দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে তাকে ডাকা হয়েছে। সেই সঙ্গে ইনস্টাগ্রামের প্রযুক্তিগত কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। খবর এনডিটিভির।
সূত্রের বরাতে বলা হয়েছে, মেটার অ্যালগরিদম কীভাবে কাজ করে, তা বিস্তারিতভাবে জানতে চায় ভারতের কেন্দ্রীয় কেন্দ্র সরকার। দেশটির সরকারের কাছে একাধিক অভিযোগ এসেছে যে, সরকারবিরোধী কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অস্বাভাবিকভাবে বেশি প্রচার (ট্র্যাকশন) পাচ্ছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই অ্যালগরিদম নিয়ে ব্যাখ্যা চাইছে সরকার।
এর আগে গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ফেলার ঘটনায় দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে জোয়েল কাপলানকে তলব করা হয়েছিল।
সূত্রের দাবি, ওই ঘটনার জন্য মেটার কাছে লিখিত ক্ষমা প্রার্থনা এবং কী ধরনের প্রযুক্তিগত ত্রুটির (টেকনিক্যাল গ্লিচ) কারণে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল, সে বিষয়ে লিখিত ব্যাখ্যাও চাইতে পারে সরকার।
সরিয়ে দেয়া ভিডিওটিতে প্রধানমন্ত্রী মোদি জেন জিদের উদ্দেশে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২৩ জুলাই, ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ভিডিওটি ফেসবুকে আপলোড করা হয়েছিল। পরে সেটি কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়।
গত সপ্তাহের বৈঠকের পর মেটার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের নিরাপত্তা ও পর্যবেক্ষণ জোরদারের আশ্বাস দিয়েছে বলে সূত্র জানিয়েছে।
মেটা সরকারের কাছে জানিয়েছে, প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টগুলোর জন্য অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এ ধরনের পোস্ট যাচাই-বাছাই করবেন কেবল মেটার জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এছাড়া, কোনো পোস্ট অপসারণ বা এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কোম্পানির অন্তত দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা কঠোরভাবে তা পর্যালোচনা করবেন বলেও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে জানিয়েছে মেটা।
