ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি নিয়ে যা বললেন স্টোকস

ক্রিকেটে মদ্যপানের সংস্কৃতি নিয়ে যা বললেন স্টোকস

ফন্ট সাইজ:

ইংল্যান্ড টেস্ট দলের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, ক্রিকেটের আধুনিকায়ন ঘটলেও এর সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক আজও বদলায়নি। তবে একে দলের নির্দিষ্ট কোনো ‘মদ্যপানের সমস্যা’ হিসেবে দেখতে নারাজ তিনি। সতীর্থ স্টুয়ার্ট ব্রড ও জস বাটলারের ‘ফর দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস এই মন্তব্য করেন। পাশাপাশি, খেলোয়াড়ি জীবন শেষে ইংল্যান্ড দলের প্রধান কোচ হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।

ক্রিকেটে অ্যালকোহলের সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে স্টোকস বলেন, ‘ক্রিকেটে মদ্যপানের একটি সংস্কৃতি রয়েছে এবং সেটি কখনোই বদলায়নি। আমরা এখন ২০২৬ সালে আছি, যেখানে খেলাটি আরও অনেক বেশি পেশাদার হয়ে উঠেছে। বিজ্ঞান, চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞান উন্নত হয়েছে। তবে একটি জিনিস যা দীর্ঘকাল ধরে একই রয়ে গেছে, তা হলো ক্রিকেটের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক।’

নিজের অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমার নিজের ক্যারিয়ারেও অ্যালকোহলের সঙ্গে এমন কিছু সম্পর্ক ছিল, যা সম্ভাব্য বিপজ্জনক হতে পারে। যদিও বর্তমান সময়ে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

বর্তমানে খেলোয়াড় হিসেবেই লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করছেন ৩৫ বছর বয়সী স্টোকস। এ বিষয়ে তিনি বলেন, ‘যখন খেলার দিন শেষ হবে, তখন আমি খেলাটির সঙ্গেই যুক্ত থাকতে চাই এবং কোচ হতে চাই। ভবিষ্যতে একদিন ইংল্যান্ডের কোচ হওয়া কি আমার ভালো লাগবে? অবশ্যই। খেলার বাইরেও কোনো না কোনোভাবে নেতৃত্বের জায়গায় থাকার আইডিয়াটি আমার দারুণ লাগে।’

এদিকে, টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে জো রুটকে দায়িত্ব দেয়ায় কিছুটা অবাক হয়েছেন স্টোকস। এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত রুট লম্বা সময় নেতৃত্ব দিলেও তার ওপর মানসিক চাপ কেমন যেতে পারে, তা নিয়ে নিজের উদ্বেগের কথা লুকাননি তিনি।

স্টোকসের ভাষায়, ‘আমি রুটকে অনেক ভালোবাসি এবং তার সাফল্য কামনা করি। ফ্লেমির (স্টিফেন ফ্লেমিং) সঙ্গে কাজ করাটা সে সত্যিই উপভোগ করবে। তবে আমি জো-কে স্পষ্টভাবে বলেছি, আমার একমাত্র উদ্বেগের বিষয় হলো কেবল তুমি নিজে। সে সবসময় দলের কথা আগে ভাবে, নিজের কথা পরে। সে গতবার অধিনায়কত্ব করার সময় যা সহ্য করেছে, তা আমি আর কখনো দেখতে চাই না।’

হ্যারি ব্রুককে সহ-অধিনায়ক করার পরও টেস্টের স্থায়ী অধিনায়কত্ব না দেয়ায় কিছুটা বিস্ময় প্রকাশ করেন স্টোকস। তার মতে, কাউকে ভালো নেতা মনে হলে তাকে সরাসরি সেই দায়িত্ব দেয়া উচিত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন